ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারের পাস করা জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির দাবি, এই বাজেটে জনগণের প্রত্যাশিত নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের প্রতিফলন ঘটেনি।
বুধবার জাতীয় সংসদে বাজেট পাস হওয়ার পর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় এবি পার্টি।
বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, মূল্যস্ফীতি, বেকারত্ব, বৈষম্য, দুর্নীতি এবং অর্থপাচারের মতো মৌলিক সংকট মোকাবিলায় এবারের বাজেটে কার্যকর কোনো রূপরেখা নেই। উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির পরিবর্তে জনগণের ওপর ঋণের বোঝা, করের চাপ এবং মূল্যস্ফীতির ঝুঁকি আরও বাড়ানোর পথ তৈরি করা হয়েছে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল দুর্নীতি, লুটপাট, বৈষম্য ও গোষ্ঠীস্বার্থনির্ভর রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটিয়ে একটি জবাবদিহিমূলক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু চূড়ান্ত বাজেটে সেই লক্ষ্য বা চেতনার কোনো সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়নি। ফলে এটি জনগণের প্রত্যাশা ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি।
এবি পার্টি আরও জানায়, বাজেট প্রস্তাব ঘোষণার পরই তারা এটি পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে বাস্তব অর্থনৈতিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, রাষ্ট্রীয় অপচয় ও দুর্নীতি বন্ধ, প্রশাসনিক সংস্কার এবং উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানমুখী জনকল্যাণভিত্তিক বাজেট প্রণয়নের সুপারিশও করা হয়েছিল।
তবে দলটির অভিযোগ, চূড়ান্ত বাজেটে তাদের উত্থাপিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর কোনো প্রতিফলন ঘটেনি। তাই এ বাজেট দেশের অর্থনীতির বিদ্যমান সংকট নিরসনের পরিবর্তে সংকটকে আরও দীর্ঘস্থায়ী করবে বলে মনে করছে এবি পার্টি।
