ঢাকা: দেশের কয়েকটি জেলায় আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ সৃষ্টি হলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) পৃথক দুটি সতর্কবার্তা প্রকাশ করে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বিকেল ৫টার মধ্যে নওগাঁ, বগুড়া ও পঞ্চগড় জেলার কিছু এলাকায়ও ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
রাইমসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, বজ্রপাতের শব্দ শোনা গেলে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না গিয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপ সৃষ্টি হলে মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
