২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, যেসব তথ্য জমা দিতে হবে

২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজে যেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রাক-নিবন্ধনকে হজযাত্রার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক পত্রে হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের জন্য আবশ্যিক তথ্য ও কাগজপত্র সম্পর্কে জানানো হয়।

পত্রে বলা হয়েছে, প্রাক-নিবন্ধনের সময় আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, পাসপোর্ট আকারের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। একই পরিবারের একাধিক সদস্যের জন্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল রাখার স্বার্থে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যাওয়া প্রত্যেক হজযাত্রীর ব্যাংক হিসাবের তথ্য থাকা বাধ্যতামূলক।

এছাড়া যারা আগে প্রাক-নিবন্ধন করলেও ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য প্রদান করতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য হজে যেতে আগ্রহী সবাইকে আহ্বান জানানো হয়েছে।