মাদক-জুয়া ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের মাদকাসক্তি ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকাসক্তি এবং অনলাইন ও অফলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরোধমূলক কমিটি গঠন করা হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুস্থ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেও কমিটিগুলো কাজ করবে।

সাম্প্রতিক সময়ে কিশোরদের মধ্যে মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। পাশাপাশি অনলাইন জুয়ার বিস্তারও তরুণদের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে কমিটিগুলো কীভাবে গঠন করা হবে, এতে কারা থাকবেন, কতদিনের মধ্যে কমিটি গঠন করতে হবে এবং তাদের নির্দিষ্ট দায়িত্ব ও কার্যপরিধি কী হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও কার্যপরিধি জানানো হতে পারে।