- নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে নিজ সমাজ, কর্মক্ষেত্র ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে ‘স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল। এবারের আয়োজনটি এ পুরস্কারের ১৩তম আসর। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
চারটি পৃথক বিভাগে এ বছর পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো জ্ঞান ও টেকসই উন্নয়ন, সংস্কৃতি-সৃজনশীলতা ও ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং ব্যবসা ও উদ্ভাবন। যোগ্য প্রার্থীরা জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলী আন্তর্জাতিক পর্যায়ের ২৮ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে চারজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করবে। আন্তর্জাতিক বিজয়ীরা নিজেদের পেশাগত পরিচিতি ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগের পাশাপাশি যুক্তরাজ্যে বিশেষ নেটওয়ার্কিং সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগীদের নিয়েও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতীয় পর্যায়ের বিজয়ীদের নাম আগামী বছরের জানুয়ারিতে এবং আন্তর্জাতিক পর্যায়ের বিজয়ীদের নাম ২০২৭ সালের আগস্টে ঘোষণা করা হবে।
পুরস্কারপ্রাপ্তদের কাজ ও সাফল্যের গল্প আরও মানুষের কাছে তুলে ধরতে ডিজিটাল প্রচারণারও আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল। এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদান ও অর্জন তুলে ধরা হবে।
ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থীরা সেখানে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা নিজ নিজ সমাজ ও কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন। তাঁদের বৈচিত্র্যময় কাজ ও প্রভাবকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন সুযোগ এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করাই এ পুরস্কারের অন্যতম উদ্দেশ্য।
ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, গত বছর বিশ্বের প্রায় ১০০টি দেশ থেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮০০ জনের বেশি সাবেক শিক্ষার্থী এ পুরস্কারের জন্য আবেদন করেছিলেন। বাংলাদেশে গত বছরের জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয়।
‘স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এ আবেদনের যোগ্যতা, পুরস্কারের বিভাগ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।
