দেশীয় প্রযুক্তিতেই এগোচ্ছে ভূমি সেবার ডিজিটাল রূপান্তর: প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সব ডিজিটাল সেবা ও সফটওয়্যার দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও শ্রমে তৈরি করা হয়েছে। এমনকি অত্যন্ত সাশ্রয়ী ব্যয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবকও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুলাই) চুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, চুয়েটে ভর্তি হওয়ার মাধ্যমে তারা দেশের অন্যতম মেধাবী শিক্ষার্থী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। জীবনের এই নতুন অধ্যায়কে অর্থবহ করতে তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশি প্রকৌশলীদের আন্তর্জাতিক সাফল্যের প্রসঙ্গ তুলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সফরকালে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও কানাডার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে চুয়েটের সাবেক শিক্ষার্থীদের সফলভাবে কাজ করতে দেখেছেন। গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স এবং স্যামসাংয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে চুয়েটের শিক্ষার্থীরা দক্ষতার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বর্তমান শিক্ষার্থীরাও ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ভূমি সেবার অধিকাংশ কার্যক্রমই ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে। ভূমি অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি (মিউটেশন), ই-পর্চাসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম তদারকির জন্য জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে।

তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রজীবনে সাফল্য-ব্যর্থতা আসবেই, তবে কোনো পরিস্থিতিতেই মাদকের পথে পা বাড়ানো উচিত নয়। মাদক মানুষের মেধা, সম্ভাবনা এবং উজ্জ্বল ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব ও দৃঢ় সংকল্প নিয়ে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন শিক্ষক, কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।