বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ হিসেবে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ডের আলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত বা আয়োজন করা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে জরুরি ও প্রয়োজনীয় সেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এর মধ্যে হাসপাতাল, ওষুধের দোকান ও খাবারের দোকান রয়েছে।
এর আগে গত ১১ জুন জারি করা সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৯টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সুযোগ ছিল। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সময়সূচি পরিবর্তন করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপনে নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
