রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পর তিনি বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন।’

তিনি আরও জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিবের পাশাপাশি জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন। এ বিষয়ে তিনি নিজেই সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেছেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হওয়ার সময় দলের যুগ্ম মহাসচিবসহ স্থায়ী কমিটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।