প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহদি আমিন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের ২৫টি কোম্পানির শীর্ষ পর্যায়ের প্রায় ৫০ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, বৈঠকে ফলপ্রসূ ও কার্যকর আলোচনা হয়েছে। এ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠক শেষে দক্ষিণ এশিয়া-ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি অতুল কেশপ বলেন, সরকারের সঙ্গে ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কীভাবে ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকর করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কর কমানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো, ব্যবসার পরিবেশ উন্নয়ন, প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
