জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার জন্য নতুন সৌরবিদ্যুৎ রূপান্তরযন্ত্র ও ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তি আনল হুয়াওয়ে

বাংলাদেশের জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল করতে নতুন গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) উন্মোচন করেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, দেশের ইউটিলিটি-গ্রেড বিদ্যুৎ ব্যবস্থায় এ ধরনের প্রযুক্তির এটি প্রথম প্রয়োগ।

ঢাকায় অনুষ্ঠিত ‘সবুজ ভবিষ্যৎকে ত্বরান্বিত করছে গ্রিড-ফর্মিং প্রযুক্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে নতুন প্রযুক্তি দুটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক উইল ইউ, এশিয়া প্যাসিফিক ডিজিটাল পাওয়ার বিজনেসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়াং জুনফেং এবং সাউথ এশিয়া পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা বেন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন সমাধানের মধ্যে রয়েছে ৫০০ কিলোওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার SUN2000-506KTL-H3 এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম LUTERRA-6261-2S/4S। সৌরবিদ্যুতের সঙ্গে ব্যাটারি স্টোরেজ যুক্ত করে প্রয়োজনের সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বাড়ানোই এসব প্রযুক্তির মূল উদ্দেশ্য।

হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক উইল ইউ বলেন, শুধু সৌরবিদ্যুৎ উৎপাদন যথেষ্ট নয়; নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রয়োজনের সময়ে সরবরাহ করতে উন্নত এনার্জি স্টোরেজ ও গ্রিড-ফর্মিং প্রযুক্তি অপরিহার্য। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য আরও নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলতে হুয়াওয়ে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন ইনভার্টারে উচ্চ ক্ষমতার পাওয়ার ডেনসিটি, গ্রিড-ফর্মিং সুবিধা, বুদ্ধিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং উন্নত নিরাপত্তা প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি স্টোরেজ সিস্টেমে রয়েছে ৯২ দশমিক ৬ শতাংশ রাউন্ড-ট্রিপ এফিশিয়েন্সি, প্যাক-লেভেল অপটিমাইজেশন এবং দ্রুত গ্রিড-ফর্মিং প্রতিক্রিয়ার সুবিধা।

অনুষ্ঠানে Paramount Group–এর টেকনিক্যাল বিভাগের প্রধান মাসুদ রানা তাদের ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, দেশের ধুলোময় পরিবেশে সৌরবিদ্যুৎকেন্দ্র পরিচালনার ক্ষেত্রে ইনভার্টারের উচ্চমাত্রার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুয়াওয়ের ইনভার্টারের আইপি৬৬ রেটিং এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে।

হুয়াওয়ের সোলার ও স্টোরেজ সমাধান দিনে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সংরক্ষণ করে চাহিদার সময় তা ব্যবহারের সুযোগ তৈরি করবে। পাশাপাশি ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ নিয়ন্ত্রণ, রিঅ্যাকটিভ পাওয়ার সাপোর্ট এবং গ্রিডের স্থিতিশীলতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির সংযুক্তি আরও সহজ হবে বলে প্রতিষ্ঠানটির দাবি।