মাদক ও জুয়ার বিস্তারকে দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে এগুলো নিয়ন্ত্রণে আরও কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মাদকবিরোধী কার্যক্রমে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকের শুরুতে সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংসদ সদস্যরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকার কথা জানান। মাদক নির্মূলে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, মাদকসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
পাশাপাশি গত ছয় মাসে পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয় হস্তক্ষেপ ছাড়াই শতভাগ স্বচ্ছতা বজায় রাখার কথা বৈঠকে জানানো হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং এ ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপগুলোও পর্যালোচনা করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। ২০২৬-২৭ অর্থবছরে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার বাজেট এবং ব্যয় পরিকল্পনার বিস্তারিত তথ্যও কমিটির সামনে উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা। একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার খাতভিত্তিক বাজেট ও ব্যয় পরিকল্পনাও তুলে ধরা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নুরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন অংশ নেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
