ফারাক্কা চুক্তি নবায়নের মাধ্যমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে জোরালো আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু করার কথা বৈঠকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকের শুরুতে সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে সরকারের গত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন এবং বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে ইতিবাচক ও জোরালো আশ্বাস পাওয়ার কথাও কমিটিকে জানানো হয়।
তিস্তা মহাপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। আগামী বছর থেকে এর মূল কাজ শুরু করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। পাশাপাশি নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণ এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম একটি উপস্থাপনার মাধ্যমে কমিটির সামনে তুলে ধরা হয়। এতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের সময়সীমা, অর্থ বরাদ্দসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।
কমিটিকে জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থায়ন ও বাস্তবায়ন পরিস্থিতির বিস্তারিত তথ্যও বৈঠকে উপস্থাপন করা হয়।
কমিটির পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবার মান আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এইচ সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, মো. ইজ্জত উল্লাহ্, মো. মশিউর রহমান খান ও মো. অলি উল্লাহ্ অংশ নেন।
এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
