জাতিসংঘ অধিবেশন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কর্মসূচি তুলে ধরার উদ্যোগ

নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম ও সরকারের অগ্রাধিকার তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অবস্থান ও অর্জনগুলো যথাযথভাবে বিশ্ববাসীর সামনে উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গণমাধ্যম ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের অগ্রাধিকার ও কার্যক্রম তুলে ধরা এবং বৈশ্বিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরালো করার কৌশল নিয়ে মতবিনিময় করা হয়।

আইরিন জুবাইদা খান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। জবাবে মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টিও গুরুত্ব পায়। এটিকে বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে অপতথ্য মোকাবিলায় কার্যকর যোগাযোগ কৌশল গ্রহণ, দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ বিষয়ে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকার, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।