- নিজস্ব প্রতিবেদক
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি দ্রুত বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে কার্যকর তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা অপরিহার্য। পলিথিন ও প্লাস্টিক দূষণ পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলছে। তাই এসবের ব্যবহার নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে কঠোর অবস্থান নিতে হবে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।
তিনি পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, পরিবেশ সুরক্ষায় নেওয়া পরিকল্পনা ও কর্মসূচি যেন শুধু নথিপত্রের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এসব উদ্যোগের বাস্তব সুফল যাতে সাধারণ মানুষ পায় এবং মাঠপর্যায়ে কার্যকর পরিবর্তন দেখা যায়, তা নিশ্চিত করতে হবে।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
