দুই মাসের গ্যাস-বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ

গ্যাস ও বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পপ্রতিষ্ঠানগুলোর জুলাই ও আগস্ট মাসের বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সহযোগিতা চেয়েছে সংগঠনটি।

গত ৯ আগস্ট মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জুলাই ও আগস্ট মাসে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে দেশের নিটওয়্যার শিল্পে উৎপাদন ব্যাহত হয়েছে। স্বাভাবিক গ্যাস সরবরাহ না থাকায় অনেক কারখানা নির্ধারিত সক্ষমতায় উৎপাদন চালাতে পারেনি।

উৎপাদন কার্যক্রম চালু রাখতে বেশ কিছু প্রতিষ্ঠানকে ডিজেল, এলপিজি ও অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহার করতে হয়েছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কারখানাগুলো বাড়তি আর্থিক চাপের মধ্যে পড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিকেএমইএর ভাষ্য, এমন পরিস্থিতিতে অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানের জন্য জুলাই ও আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল একসঙ্গে পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। তাই দুই মাসের বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হলে কারখানাগুলোর আর্থিক চাপ কিছুটা কমবে এবং উৎপাদন কার্যক্রম সচল রাখা সহজ হবে।

সংগঠনটি মনে করছে, সরকারের সহযোগিতা পেলে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো বর্তমান সংকট সামলে উৎপাদন স্বাভাবিক রাখতে পারবে। একই সঙ্গে রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির ধারাবাহিকতাও বজায় রাখা সম্ভব হবে।