দীর্ঘ ৩৫ বছর পর আবারও ব্যালট পেপারের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন বাংলাদেশের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় এবার সরাসরি ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে বুধবার বৈঠকে বসে ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দল।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক বিধান অনুযায়ী এবার ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। অলি আহমদ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু সংসদ সদস্যদের। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
সর্বশেষ সরাসরি ভোট হয়েছিল ১৯৯১ সালে
দেশে সর্বশেষ রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী।
নির্বাচনে আব্দুর রহমান বিশ্বাস ১৭১ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় সরাসরি ভোটের প্রয়োজন হয়নি।
এবারের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। একাধিক প্রার্থী থাকায় সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচন সামনে রেখে বিএনপির সংসদীয় দলের বৈঠকে ভোটদানের প্রস্তুতি ও দলীয় অবস্থান নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট দেশের সংসদীয় গণতন্ত্রের চর্চায় নতুন একটি দৃষ্টান্ত তৈরি করতে পারে।
