আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করা হবে এবং পরদিন শপথের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারদলীয় সংসদীয় দল।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। ভোট শেষ হওয়ার পর বিকেল ৫টা থেকে গণনা শুরু হবে। গণনা শেষ হলে সংসদ কক্ষেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
ভোট ও ফল সরাসরি সম্প্রচার
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার গুরুত্বপূর্ণ অংশ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে বলে জানান চিফ হুইপ।
তার ভাষ্য অনুযায়ী, ভোট শুরুর ২০ মিনিট আগে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং দুই রাষ্ট্রপতি প্রার্থীর ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। অন্যদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো কার্যক্রমও সরাসরি দেখানো হবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুন মাত্রা পাবে।
সরকার ও বিরোধী দল একসঙ্গে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সেই গণতান্ত্রিক ধারার গুরুত্বপূর্ণ একটি অংশ।
দুই প্রার্থীর লড়াই
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোট গণনা ও ফল ঘোষণা শেষে নির্বাচিত রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি নেওয়া হবে। আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
