চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নেওয়ার পর আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়েছেন মির্জা আব্বাস। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি সুস্থতার পথে রয়েছেন।

চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে বলেও জানান তার একান্ত সচিব।

মিজানুর রহমান সোহেল মির্জা আব্বাসের সম্পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিভিন্ন শারীরিক জটিলতার কারণে মির্জা আব্বাস দীর্ঘ সময় ধরে দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে এবার তিনি দেশে ফিরছেন।