- নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এতে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বক্তব্য দেবেন।
এর আগে চোখের চিকিৎসা করাতে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রধান শিক্ষক রনজিলা পারভীন। সংসদ ভবন এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ছিনতাইকারীদের টানাটানিতে রিকশা থেকে রাস্তায় পড়ে যান রনজিলা। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের মধ্যেই র্যাব অভিযান চালিয়ে মূল সন্দেহভাজন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার কথা জানিয়েছে।
