বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) থেকে নাম পরিবর্তন করে পুরনো পরিচয়ে ফিরে আসা ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। শুক্রবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে জাহিদ আহসান কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আবু বাকের মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে দুজনই বাগছাসের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বে ছিলেন— জাহিদ আহসান ছিলেন সদস্য সচিব এবং আবু বাকের মজুমদার ছিলেন আহ্বায়ক।
কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, আর দক্ষিণাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মহির আলম। এদের মধ্যে সিয়াম ছাড়া বাকি তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবু তৌহিদ মো. সিয়াম পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন সরকার।
এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. সাইফুল্লাহ, যিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
