জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়ে পৃথক আয়োজন করা হচ্ছে।

কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণা, আলোচনা সভা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা।

এ উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ নামে একটি বিশেষ সংকলন প্রকাশ করবে। পাশাপাশি বিভিন্ন হল নির্ধারিত সময়ে ‘জুলাই অনুষ্ঠানমালা’র আয়োজন করবে।

শামসুন নাহার হল ২৬ জুলাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল ২৪ ও ২৫ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২৫ জুলাই, শেখ মুজিবুর রহমান হল ১ থেকে ৪ আগস্ট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, অমর একুশে হল ২৩ থেকে ২৫ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাস ২২ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ৫ আগস্ট এসব কর্মসূচি পালন করবে।