ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করল সৌদি আরব

পর্যটন খাতকে আরও সম্প্রসারণ ও ওমরাহ পালনকারীদের সুবিধা বাড়াতে ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, এই ভিসায় দর্শনার্থীরা এক বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার (২০ জুলাই) সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন নিয়মে প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের দেশটির সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া সৌদি সফরের আগে নুসুকের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা নিষ্ক্রিয় থাকবে। এ সময় ভিসাধারীরা এই ভিসার মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সৌদি সরকারের এই উদ্যোগ দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে। এর মাধ্যমে পর্যটন খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য ভ্রমণ আরও সহজ ও নমনীয় করার পরিকল্পনা রয়েছে।