৭ মাসে ২ হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ, উদ্ধার হয়নি

  • নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে মোট ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজ শিশুর ১৩ শতাংশ। পুলিশ সদরদপ্তর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, এ সময়ে শূন্য থেকে নয় বছর বয়সি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ৪৭৪টি। এসব জিডির বিপরীতে উদ্ধার হয়েছে ৪০৬ জন। এখনও ৬৮ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।

১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩ জন। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে অথবা তারা নিজে ফিরে এসেছে। এ বয়সীদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৯৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ সদরদপ্তর জানায়, নিখোঁজের কারণ বিশ্লেষণে দেখা গেছে, শূন্য থেকে নয় বছরের শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সাথে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথঘাট ভুলে যাওয়া, পরিবারের সদস্যদের নাম ঠিকানা বলতে না পারা এবং একাকী বাসায় ফিরতে গিয়ে অন্য স্থানে চলে যাওয়ার কারণেই নিখোঁজ হচ্ছে।

আর ১০ থেকে ১৭ বছর বয়সি শিশুরা অভিমান করে, পড়ালেখার চাপে, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবন-যাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবের কারণে নিখোঁজ হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে বলা হয়, নিখোঁজের খবর প্রকাশিত হলেও উদ্ধার বা ফিরে আসার তথ্য থাকে না—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভ্রান্তি দূর করতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, ২০২৩ সালে নিখোঁজের জিডি ছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে (সাত মাসে) ২২ হাজার ৫৫০টি। তবে এ সময়ে কতজন উদ্ধার হয়েছে বা ফিরে এসেছে তার হিসাব দেয়নি পুলিশ সদরদপ্তর।