- নিজস্ব প্রতিবেদক
দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৮৭ জনের।
উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। সেখানে এ পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৫২ জন, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, খুলনায় ৩৪ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৬৪ জন রোগী এসেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৭ জন।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ৩০৬ জন, রাজশাহীতে ১৫, সিলেটে ১৩৪, চট্টগ্রামে ২৬১, বরিশালে ১১৬, ময়মনসিংহে ৫২, খুলনায় ৮৫ এবং রংপুর বিভাগে আটজন রোগী ভর্তি হয়েছে।
সরকারি হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
সব মিলিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন।
