চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে পাকিস্তানের নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বন্দরপ্রান্তে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। এসময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ পাকিস্তানি জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে ‘পিএনএস সাইফ’-এর অধিনায়ক ও প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরকালে পাকিস্তানি জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি ঘুরে দেখবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজটি আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।
