শ্রাবণের মাঝামাঝি সময়ে এসে দেশের দক্ষিণ-পূর্ব ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় বলা হয়, পশ্চিমবঙ্গ উপকূল থেকে সরে আসা গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে সমুদ্রবন্দর, উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নিম্নচাপটি দুর্বল হওয়ার পথে থাকলেও এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই সমুদ্রগামী নৌযান ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
