আবাসিক খাতে ব্যবহৃত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি, জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির খুচরা দাম প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা। সে অনুযায়ী ৫.৫ কেজির সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৯৭ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৬৩ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৯৫ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বেসরকারি রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি কেজি ১২৯ টাকা ৪০ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির মূল্য প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। সরকারি ১২.৫ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত থাকবে।
বিইআরসি জানিয়েছে, দেশে এলপিজির ৯৯ শতাংশের বেশি সরবরাহ বেসরকারি খাতের মাধ্যমে হয়। কমিশন নির্ধারিত দামের বেশি মূল্যে এলপিজি বিক্রি করা যাবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
