প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ সচল করা, নদীদূষণ প্রতিরোধ এবং নদীর নাব্যতা রক্ষায় করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় রাজধানীর চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগ্রহী বেসরকারি কোম্পানির প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।
সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীদূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এছাড়া নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণ ও নদীতীরের সৌন্দর্য বৃদ্ধির নির্দেশও দেন তিনি।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
