- নিজস্ব প্রতিবেদক
ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনায় সরকারকে রাজনৈতিক সংকটে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করার সুযোগ দিয়েই বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
বিরোধী দলগুলোর চলমান আন্দোলন এবং ‘এক দফা’ দাবির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিরোধী দলগুলো লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে, সরকারের কাছে এক দফা দাবিও জানাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে তারা এসব কর্মসূচি পালন করতেই পারে। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে দিতে হবে, এই বাস্তবতা মেনে নিয়েই রাজনীতি করা উচিত।
তিনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় দু-একটি ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের মধ্যে কোনো রাজনৈতিক সংকট তৈরি করা সম্ভব নয়।
আন্দোলনের ধরন প্রসঙ্গে ভারতের উদাহরণ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সেখানে বিভিন্ন সময়ে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক আন্দোলন হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে দিল্লির স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছিল। কিন্তু সেসব আন্দোলনের মধ্যেও সরকারের পদত্যাগের দাবি তোলা হয়নি।
তিনি বলেন, সরকারের যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা যেতে পারে। এটিই রাজনৈতিক শিষ্টাচারের অংশ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন
জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা বাড়বে বলে স্বীকার করেছেন তথ্য উপদেষ্টা। তবে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে সরকারের সামনে এর চেয়ে ভালো কোনো বিকল্প ছিল না বলে দাবি করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। এ সময়ে কোনো সরকার ইচ্ছাকৃতভাবে এমন একটি অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চায় না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। জনগণ এই সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত ছিল না বলেও দাবি করেন তথ্য উপদেষ্টা।
যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ হিসেবে ব্যয় সংকোচন ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, প্রাথমিক পরিকল্পনায় সফরটি দীর্ঘ হওয়ার কথা ছিল। তবে ব্যয় সংকোচন এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সফরের সময় কমিয়েছেন। ছোট একটি প্রতিনিধি দল নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। বর্তমান পরিস্থিতিতে দেশে থাকাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন।
বোয়িং কেনার চুক্তি নিয়ে অনিশ্চয়তা
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি সই হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বোয়িং কেনার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে।
তবে চলমান সফরেই চুক্তি সই হবে কি না, সে বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই বলে জানান তিনি। একই সঙ্গে সফরকালে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান।
