জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকালে তিনি সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উদ্বোধনী আয়োজনে অংশ নেন।

সকাল ৯টার দিকে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেন। জাতিসংঘের এবারের সাধারণ বিতর্কের মূল প্রতিপাদ্য ‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’।

৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উদ্বোধনী পর্বে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য দেন। সাধারণ বিতর্কে বিশ্বনেতারা শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে জাতিসংঘ মহাসচিবের দেওয়া প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান। এতে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের নেতা ও তাঁদের সফরসঙ্গীরা অংশ নেন।

সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী গণমানুষের অধিকার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশের স্বার্থের বিষয়গুলো তুলে ধরবেন।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু ন্যায়বিচার এবং বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন তিনি।

মাহ্দী আমিন আরও বলেন, দীর্ঘ সময় পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা।

এদিকে নিউইয়র্ক সফরকে সংক্ষিপ্ত সফর হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। তিনি জানান, যাতায়াতের সময় বাদ দিলে প্রধানমন্ত্রীর সফরে প্রায় চার কর্মদিবস থাকছে। এ সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা কোনো বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়াই এবারের সফরের মূল উদ্দেশ্য। ফলে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ সীমিত।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রায় ৩৫ সদস্যের একটি ছোট সফরসঙ্গী দল নিয়ে নিউইয়র্ক গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, মুখপাত্র মাহ্দী আমিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৮ সেপ্টেম্বর। তবে অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত সাধারণ বিতর্ক শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। এবারের সাধারণ বিতর্ক ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অনুষ্ঠিত হবে।