রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডায় সকালে আধাঘণ্টার ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। সোমবার ভোরে ভিক্টর পরিবহন ও আকাশ পরিবহনের দুটি বাসে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের বাসে এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে আকাশ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। রোজিনা আক্তার বলেন, বাস দুটিতে কীভাবে আগুন লাগলো তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
গণপরিবহনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
