ফুলবাড়িয়ায় বাসে অগ্নিকাণ্ডে চালকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি বাসের চালক বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার ভোররাত আনুমানিক সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজার এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান।

নিহতের নাম জুলহাস মিয়া, তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার জানান, ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর বাসের ভেতরে তল্লাশি চালিয়ে সিটে পুড়ে যাওয়া একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি রুকনুজ্জামান বলেন, “দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা মরদেহ উদ্ধার করি। মরদেহটি এতটাই পুড়ে গেছে যে, তাকে সনাক্ত করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি বাসের চালক।”

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।