ঢাকায় গভীর রাতে তিন স্থানে তিন বাসে অগ্নিকাণ্ড

ঢাকার তিনটি স্থানে সোমবার গভীর রাতে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানিয়েছেন, রাত ১২টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে এসব অগ্নিকাণ্ড ঘটে।

তিনি জানান, প্রথমে রাত ১২টা ৪৫ মিনিটে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের আরেকটি বাসে এবং শেষ ঘটনায় ভোর ৪টার দিকে উত্তরা জনপথ মোড়ে একই পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনটি বাসই তখন পার্কিং অবস্থায় ছিল। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

এদিকে, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলন চলাকালে হামলা ও মানুষ হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার তাদের ঘোষিত কর্মসূচির দিন ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং তিনটি গাড়িতে আগুনের ঘটনাও ঘটে।