ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার আহ্বান রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি বাড়িটি ভাঙার আহ্বান জানিয়ে দুটি পৃথক পোস্ট দেন। তার অভিযোগ, ধানমন্ডি–৩২ এলাকায় অবস্থান নেওয়া সেনাসদস্যরা ‘ছাত্র–জনতাকে’ আগাতে বাধা দিচ্ছেন এবং ‘বুলডোজার ঢুকতে দিচ্ছেন না’।

প্রথম ফেসবুক পোস্টে আম্মার লিখেছেন, “আপনারা একটু সাশ্রয়ী হোন! আমরা গরীব দেশ। একটা বাড়ি ভাঙতে বারবার বুলডোজার ভাড়া করে টাকা নষ্ট কইরেন না। আজকেই শেষ করে দেন।” পোস্টটির কমেন্টে তিনি আরও উল্লেখ করেন, “উপস উস্কানী দিয়ে ফেললাম?”

দ্বিতীয় পোস্টে তিনি ধানমন্ডি–৩২–এ অবস্থান নেওয়া সেনা সদস্যদের ‘ছাত্র–জনতাকে’ বাধা দেওয়ার’ অভিযোগ তুলে শাহবাগ, টিএসসি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দল–সংগঠন নির্বিশেষে সবাইকে সেখানে যাওয়ার আহ্বান জানান। বাড়িটি আজই ভেঙে ফেলার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “ধানমন্ডি–৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র–জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। শাহবাগ, টিএসসি–সহ যেখানে যারা আছেন শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি–৩২ এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড। আরেকটা কথা মনে করিয়ে দেই—আজ হাসিনার বিবাহ বার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।”

এর আগে গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়। জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল।

এদিকে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গণ–অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় আজ ঘোষণা হতে যাচ্ছে।