জুলাইয়ের গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেড় দশক দেশ শাসনের পর ১৫ মাস আগে ওই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে তিনি দেশ ত্যাগ করেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন।
বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সাবেক সরকারপ্রধান, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলো। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য তার সরকারই গঠন করেছিল, সেই আদালত থেকেই এবার তার বিরুদ্ধে এ রায় এলো।
এই ট্রাইব্যুনালের রায় অনুযায়ী অতীতে আওয়ামী লীগের আমলে জামায়াতে ইসলামীর পাঁচজন শীর্ষ নেতা এবং বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। একই আদালত এবার সর্বোচ্চ সাজা ঘোষণার মধ্য দিয়ে আরেকটি নজির স্থাপন করল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
