শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ, আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য বিচারের আশা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত করবে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় আজ সোমবার বেলা ১১টায় ঘোষণা করার কথা রয়েছে।

রায় ঘোষণার আগে আজ সকাল ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন মির্জা ফখরুল। সেখানে তিনি লেখেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!”
এক ঘণ্টা পর তিনি পোস্টটি সম্পাদনা করেন। সম্পাদিত পোস্টে যুক্ত করেন, “মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।”

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো—
১. উসকানিমূলক বক্তব্য প্রদান,
২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেওয়া,
৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা,
৪. রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা,
৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।

এই মামলার আসামিদের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম মামলা যার রায় হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর এজলাস থেকে রায় ঘোষণার পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।