চট্টগ্রামের কাঠগড়ে সিটি সার্ভিস বাসে আগুন

চট্টগ্রামের কাঠগড় এলাকায় মধ্যরাতে সড়কের পাশে রাখা সিটি সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার আগের রাতে এ ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, রোববার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে দ্রুত সরে যায়। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়।