রাজধানীর উত্তরায় সোমবার বিকেলে একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়েছে। মাইক্রোবাসটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাই নাদিম হাসানের।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিকেল পৌনে ৪টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে নাদিম হাসানের বাড়ির সামনে রাখা মাইক্রোবাসে কে বা কারা আগুন দিয়েছে। পরে পুলিশের সহায়তায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার পর মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ওই রোডে একই সীমানাপ্রাচীরের মধ্যে হাবিব হাসান ও নাদিম হাসানের দুটি ভবন রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর তাদের পরিবারের সদস্যরা ওই ভবন দুটি ত্যাগ করেন। আজ নাদিম হাসানের বাড়ির বাইরে মাইক্রোবাসে আগুন দেওয়ার পর চারপাশে কালো ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মুহিদুল ইসলাম জানান, ক্ষুব্ধ একদল তরুণ ও যুবক হাবিব হাসান ও নাদিম হাসানের বাড়িতে যান। খবর পেয়ে পুলিশ তাদের সরিয়ে দেয়। তারা বাড়ি থেকে চলে যাওয়ার সময় নাদিম হাসানের বাড়ির সামনে রাখা মাইক্রোবাসটিতে আগুন দেয়। পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসটি নষ্ট অবস্থায় ছিল।
