মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত

মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের (বিজয় মেলা মাঠ) পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শিবালয় উপজেলার সাঁকরাইল গ্রামের বাউল আব্দুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল এবং সিংগাইর উপজেলার তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। তাঁরা তিনজনই বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক হিসেবে পরিচিত।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “তৌহিদী জনতার একাংশের হামলায় বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক তিন বাউল আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এর আগে গত বৃহস্পতিবার ঘিওর উপজেলার এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গোয়েন্দা পুলিশ আটক করে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা এবং এলাকায় ছোট আবুল সরকার নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনার সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টায় তৌহিদী জনতার বিক্ষোভ এবং বেলা ১১টায় বাউল শিল্পীদের মানববন্ধন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তৌহিদী জনতার একটি অংশ বাউল ভক্তদের ওপর হামলা চালায়।

পুলিশ জানায়, দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কা থাকায় আগেই আলাদা সময় নির্ধারণ করা হয়েছিল। সকাল ৯টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ হয়। সেখান থেকে ফেরার পথে বিক্ষোভকারীদের একটি অংশ বাউল ভক্তদের ওপর হামলা চালায়।

হামলার সময় তৌহিদী জনতার পক্ষের মাওলানা আব্দুল আলীম, যিনি ঘিওরের শৈলকড়া মাদ্রাসার অধ্যক্ষ, তিনিও আহত হন। তাকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন বলেন, “ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”