রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন চারজন, যাদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
আহতরা হলেন ইলিয়াস (২১), মহিউদ্দিন (১৮), মো. ওমর (২২) ও মাবিক (২১)। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত চারজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। কারও পায়ে, কারও মাথায় আঘাত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিল চলছিল। ওই মাহফিলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে রাত ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
