ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ দুই আসামিকে আদালতে হাজির করেন।
প্রসিকিউশনের পক্ষে পুলিশের এসআই রুকনুজ্জামান আদালতকে জানান, আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দি রেকর্ডের আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, তারা এজাহারনামীয় আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে ঘটনার আগে ও পরে পালাতে সহায়তা করেন এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতে সহযোগিতা করেন। স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে আগ্রহ প্রকাশ করায় তাদের জবানবন্দি রেকর্ডের আবেদন জানানো হয়।
এদিকে একই দিনে ফয়সাল করিম মাসুদকে মাইক্রোবাস ভাড়া দেওয়া রেন্ট-এ-কার ব্যবসায়ী মুফতি নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার ফয়সালের সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। সোমবার আদালত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। রোববার হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের সন্দেহভাজন মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে দেওয়া হয়।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতিক্রমে রোববার রাতে পল্টন থানায় মামলাটি দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন।
ঘটনার সময় চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবস্থাকে ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানান।
পরবর্তীতে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
