গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়টি জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান সেদিন দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে যান।

পরবর্তীতে রাতে ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি জানান, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর ভাই, পাশাপাশি বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের একটি দল।