আওয়ামী লীগ ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ করতে পারবে না।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ‘রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষা নিয়ে’ প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইনপ্রণেতার পাঠানো একটি চিঠির বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, তিনি চিঠিটির বিষয়ে অবগত নন। এরপর তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে সরকারের বর্তমান অবস্থান বিবৃত করেন।

শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে নিবন্ধন ‘স্ক্র্যাপ’ করেছে, বাদ দিয়েছে। সে জন্য আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দলটির নেতা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অভ্যুত্থান নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দলটিকে নিষিদ্ধ করার দাবি তোলেন।

ওই দাবিতে জোরালো আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১২ মে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে। সরকারী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভ্যুত্থান দমনের সময় ‘গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতাবিরোধী অপরাধের’ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সংশোধিত সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারার আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দলটি আপাতত কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা প্রচার কার্যক্রম চালাতে পারছে না।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হলে দলটির নির্বাচন কমিশনে থাকা নিবন্ধনও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এই আইনি প্রক্রিয়ার ফলেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে বলে সরকার পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।