দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

দীর্ঘ নির্বাসন ভেঙে মাতৃভূমিতে ফিরে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জড়ো হওয়া নেতাকর্মীদের সংবর্ধনা মঞ্চে যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “সবার প্রতি কৃতজ্ঞতা।”

ওই পোস্টের সঙ্গে তিনি চারটি ছবি শেয়ার করেছেন। বিমানবন্দর থেকে শুরু করে তার গাড়িবহর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাবেষ্টনী ও নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যায় সেসব ছবিতে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

বিমানবন্দর থেকেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে নিরাপত্তাসহ যাবতীয় আয়োজনের জন্য ধন্যবাদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে খোলা জায়গায় জুতো খুলে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তিনি।

এরপর লাল-সবুজ পতাকার রঙে সাজানো একটি বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে তিনি রওনা হন পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পথে, যেখানে তার সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তারেকের গাড়িবহর বিমানবন্দর থেকে ধীর গতিতে এগিয়ে যাওয়ার সময় দুই ধারে অবস্থান করা নেতাকর্মীরা একের পর এক স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা।

কুড়িল থেকে পূর্বাচলের ৩০০ ফিটের পুরো সড়ক বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এক দলের স্লোগান থামলে শুরু হয় আরেক দলের। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে সকাল থেকেই ভরে যায় সংবর্ধনাস্থল। পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।