গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হন।
বিএনপি যুগপৎ আন্দোলনে শরিকদের সঙ্গে আসন বিনিময় করতে গিয়ে ঝিনাইদহ-৪ ও পটুয়াখালী-৩ আসন ছেড়ে দেয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জোটগঠন সত্ত্বেও দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে জোটভুক্ত প্রার্থীদের। সে কারণে গণঅধিকার পরিষদের প্রার্থীদের নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে শুক্রবার সন্ধ্যার পর থেকে রাশেদ খাঁনের বিএনপিতে যোগদানের বিষয়ে বিভিন্ন মাধ্যমে তথ্য প্রচার হতে থাকে।
পরের দিন আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঐ আসনের বিএনপির নেতা-কর্মীদের রাশেদ খাঁনের পক্ষে কাজ করার ও তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেওয়ার অনুরোধ করেন।
রাশেদ খাঁন তার বক্তব্যে বলেন, বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি তার আদর্শ মনে করেন। তিনি আরও বলেন, বর্তমানে বিএনপির নেতৃত্বে আছেন তারেক রহমান, যাকে তিনি দেশ ও জনগণের জন্য অপরিহার্য নেতা হিসেবে মনে করেন। রাশেদ খাঁন তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ফেইসবুকে এক পোস্টে দলীয় অবস্থান ব্যাখ্যা করে বলেন, নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ থেকে ধানের শীষ প্রতীকে এবং নুরুল হক নুর পটুয়াখালী-৩ থেকে দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচন করবেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমদ, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ একাধিক রাজনৈতিক ব্যক্তি নিজ নিজ দল বিলুপ্ত বা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
