বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের পরবর্তী করণীয় নির্ধারণ করতে বৈঠকে বসেছে দলের স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চিয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা ১২টা ৩৫ মিনিটে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন। বৈঠকে যোগ দিতে গুলশানের পথে ছিলেন সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
এই বৈঠকের জন্য এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি গুলশানের অফিসে আসেন তারেক রহমান। মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন নিশ্চিত করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ভিড় জমায় দলের নেতা-কর্মীরা।
