খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক: আন্তর্জাতিক অঙ্গনে স্মরণ করা হলো তার রাজনৈতিক ভূমিকা

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, সরকারপ্রধান এবং ঢাকায় নিযুক্ত কূটনৈতিক মিশনগুলো।

মঙ্গলবার দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পাঠানো শোকবার্তায় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, বাংলাদেশের আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে তার ভূমিকা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরা হয়।

ভারত
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এক্সে দেওয়া পোস্টে মোদী বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

২০১৫ সালে ঢাকায় সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করে মোদী লেখেন, তার ভাবনা ও উত্তরাধিকার ভবিষ্যতেও ভারত–বাংলাদেশ অংশীদারিত্বকে পথ দেখাবে।

ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও এক্সে শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি খালেদা জিয়ার পরিবার, কর্মী-সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি শোকাহত। তিনি তার পরিবার, বন্ধু ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

পাকিস্তান
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট জারদারি বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে এবং তিনি তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে খালেদা জিয়ার অবদান স্মরণীয়। তিনি মন্তব্য করেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত বন্ধু ছিলেন এবং এই শোকের মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও শোক প্রকাশ করে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

চীন
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো শোকবার্তায় বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন–বাংলাদেশের মধ্যে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারত্ব গড়ে ওঠে, যা দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনে।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে লেখা চিঠিতে বলেন, খালেদা জিয়া চীন–বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং তার অবদানকে চীন উচ্চ মূল্য দেয়।

ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো শোকবার্তায় বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং চীনের একজন প্রিয় বন্ধু হিসেবে তার অবদান দ্বিপক্ষীয় সম্পর্কে স্থায়ী ছাপ রেখে গেছে।

জাপান
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাপান গভীরভাবে শোকাহত। তিনি স্মরণ করেন, প্রধানমন্ত্রিত্বকালে খালেদা জিয়ার দুইবার জাপান সফর দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

যুক্তরাষ্ট্র
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক শোকবার্তায় জানায়, বাংলাদেশের আধুনিক ইতিহাস নির্মাণে খালেদা জিয়া কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন এবং উন্নয়ন এগিয়ে নিতে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন।

যুক্তরাজ্য
যুক্তরাজ্য হাই কমিশন এক বিবৃতিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানায়।

জার্মানি
ঢাকায় জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সরকারপ্রধান হিসেবে খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন সময়ে জার্মানির সঙ্গে তার সম্পৃক্ততার কথাও স্মরণ করে দূতাবাস।

ইউরোপীয় ইউনিয়ন
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করে।

রাশিয়া
ঢাকায় রুশ দূতাবাস এক শোকবার্তায় জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত।

ফ্রান্স
ফরাসি দূতাবাস জানায়, বাংলাদেশের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তারা তার পরিবার, দল ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।
কানাডা
কানাডার হাই কমিশন জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোকাহত এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান হাই কমিশন এক শোকবার্তায় জানায়, এই কঠিন সময়ে তাদের হৃদয় বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।

ইরান
ঢাকায় ইরানি দূতাবাস খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।