ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক জোরদারে তার অবদান স্মরণীয় থাকবে বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও শোকবইয়ে স্বাক্ষর করেন। শোকবইয়ে তিনি লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
তাঁর সফরকালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। পরবর্তীতে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে রাজনাথ সিং শোকবইয়ে স্বাক্ষরের ছবি প্রকাশ করেন এবং খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহও এক পোস্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানাতে পেরে সম্মান বোধ করেন এবং রাজনাথ সিংয়ের শোক নিবেদনের কথা উল্লেখ করেন। তিনি পোস্টে রাজনাথ সিংয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেন।
গত মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মারা যান। বুধবার তার জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।
এর আগে, বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ভারত সরকারের শোকবার্তা পৌঁছে দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তারেক রহমানকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন যে খালেদা জিয়ার প্রস্থান একটি ‘অপূরণীয় শূন্যতা’ সৃষ্টি করলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে। মোদী আরও লেখেন, তারেক রহমানের দক্ষ নেতৃত্বে খালেদা জিয়ার আদর্শ এগিয়ে নেওয়া হবে এবং ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে তা পথনির্দেশক হিসেবে কাজ করবে।
