ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। শনিবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ, ৩ জনের বাতিল ও একজনের মনোনয়নপত্র সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত রয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ ও গণফোরামের একেএম শফিকুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা জানান, দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এছাড়া, জাতীয় পার্টির প্রার্থী শামসুল হকের বিরুদ্ধে থাকা মামলার তথ্য নিয়ে মনোনয়নপত্র সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে দেওয়া হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল দায়ের করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
