একটি জরিপে উঠে এসেছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে জনমত ১৯ শতাংশ।
গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়।
জরিপে অংশগ্রহণকারীদের আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ১৯ শতাংশ জামায়াতে ইসলামীকে, ২.৬ শতাংশ এনসিপিকে এবং ৫ শতাংশ অন্যান্য দলকে ভোট দেবেন বলে জানান। মাত্র ০.২ শতাংশ মানুষ ভোট দেবেন না বলে মত দেন।
এছাড়া, কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নে ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ মানুষ, এবং ১ শতাংশের বেশি মানুষ এনসিপির সরকার গঠনের কথা মনে করেন।
আগামী নির্বাচনে কে জিতবে এমন প্রশ্নে ৭৪ শতাংশ মানুষ মনে করেন বিএনপি জিতবে। ১৮ শতাংশ জামায়াতে ইসলামীর জয়ের কথা মনে করেন এবং ১.৭ শতাংশ এনসিপির জয়ে বিশ্বাস করেন। ১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টির জয় প্রত্যাশা করেন।
গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল এমন প্রশ্নে ৩৫ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন বলে জানান। ২৭ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন এবং ৫ শতাংশের বেশি মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
